
মো. শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করেছে পুলিশ। পরে উপজেলা প্রশাসনের নির্দেশনায় জব্দকৃত জাল থানা চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (২১ জুন) সকালে শাহজাদপুর থানা প্রাঙ্গণে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা পারভিন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) মন্তাজ উদ্দিনসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে এসআই মন্তাজ উদ্দিনের নেতৃত্বে টহল পুলিশের একটি দল বগুড়া-নগরবাড়ী মহাসড়কের টেটিয়ারকান্দা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপ ভ্যান থেকে ১৬ বস্তা অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে পিকআপটি থানায় নিয়ে আসা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানান, জালগুলো পাবনা জেলার ফরিদপুর উপজেলার ডেমরা এলাকা থেকে বগুড়ায় নেওয়া হচ্ছিল।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, জব্দকৃত ১৬টি বস্তার মধ্যে মোট ৯৮ পিস অবৈধ চায়না দুয়ারি জাল পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত পিকআপের চালক ও সহকারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পিকআপটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা পারভিন বলেন, “চায়না দুয়ারি জাল উৎপাদন, বিপণন ও ব্যবহার আইনত নিষিদ্ধ। এ ধরনের জাল মৎস্যসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। বগুড়ায় নেওয়ার পথে পুলিশ জালগুলো জব্দ করে এবং আমার উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হচ্ছে। দেশের মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার