
মোঃ শাহান আলী, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ভূমি অফিসে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) শাহজাদপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি কমিশনার কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমানের নেতৃত্বে এ ভূমি মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবাবুথ ও ভূমি সেবা মেলার উদ্বোধন করেন সাবরিনা শারমিন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ রাশেদ হাসান লিখন (সার্ভেয়ার, উপজেলা ভূমি অফিস), মোঃ ফজুলুর রহমান (কানুনগো, উপজেলা ভূমি অফিস), রতন কুমার সাহা (নাজির-কাম-ক্যাশিয়ার, উপজেলা ভূমি অফিস), মোঃ নজরুল ইসলাম (ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, পৌর ভূমি অফিস), মোছাঃ কানিজ ফাতেমা (ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা)সহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও শাহজাদপুর থানার তদন্ত ওসি নাজমুল কাদের উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূমি কমিশনার কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান। তিনি বলেন, অনলাইনের মাধ্যমে যেন সাধারণ মানুষ সহজে ভূমি সেবা পেতে পারে সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আইডির মাধ্যমে নামজারি ও ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য সহজেই জানা সম্ভব হবে বলে তিনি জানান।
এছাড়া বক্তব্য প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, জমির মালিকানা দলিলের মাধ্যমে অর্জিত হলেও নামজারি ও খাজনা খারিজের মাধ্যমে সেই মালিকানা সরকারের স্বীকৃতি লাভ করে। তিনি জনগণকে নিয়মিত মিউটেশন বা নামজারি করার আহ্বান জানিয়ে বলেন, নামজারি না থাকলে জমি ক্রয়-বিক্রয়, ভবন নির্মাণ, ব্যাংক ঋণ গ্রহণসহ বিভিন্ন ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, আধুনিক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও সহজ সেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। মানুষ ভূমি সংক্রান্ত বিষয়ে কম জানার কারণে বিভিন্নভাবে হয়রানির শিকার হন। এই ভূমি সেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ সচেতন হবে এবং সঠিক তথ্য জানতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, এ ধরনের সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার