
শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) উপজেলার পোতাজিয়া ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় এনে বিনামূল্যে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। ২০ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হওয়া এ কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ শিশুদের টিকার আওতায় আনার লক্ষ্যে বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় শিশুদের সুরক্ষায় টিকাদানের কোনো বিকল্প নেই। এ সময় তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, তারা যেন তাদের সন্তানদের নির্ধারিত টিকাকেন্দ্রে নিয়ে এসে টিকা প্রদান নিশ্চিত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, স্বাস্থ্য বিভাগের কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, উপজেলার প্রতিটি এলাকায় টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
উদ্বোধন শেষে প্রধান অতিথি টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার