
মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিজয়া দশমীর মধ্য দিয়ে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব ২০২৬ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ অক্টোবর) উৎসবের সমাপ্তিতে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করায় সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পৌরসভা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ।
দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সহযোগিতা করায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ড. এম এ মুহিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
এ ছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক বাসুদেব, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক ও সাধারণ সম্পাদক মানিক সরকারসহ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সহযোগিতার কথাও উল্লেখ করেন তাঁরা।
বিজয়া দশমী উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে ধর্মীয় আচার-অনুষ্ঠান, দর্পণ বিসর্জন, প্রণাম ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের শেষ পর্ব উদ্যাপিত হয়। এ সময় সনাতনী নারীরা সিঁদুর খেলায় অংশ নেন এবং পরিবারের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন। পরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়।
মন্দির কমিটির নেতৃবৃন্দের মতে, সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির কারণে পূজারীরা স্বতঃস্ফূর্তভাবে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পেরেছেন। উৎসবের সমাপ্তি ঘটলেও ভক্তদের মনে রয়ে গেছে আগামী বছরের দুর্গাপূজাকে ঘিরে নতুন প্রত্যাশা ও অপেক্ষা।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার