
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার ২ নম্বর শাহাবাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নামোচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে একটি আমবাগান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর দেওয়া বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমবাগানের ভেতরে একটি সাদা শপিং ব্যাগে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এসআরবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও গুলিগুলো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সেখানে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার