
নিজস্ব প্রতিবেদক:
সবার জন্য নিরাপদ আবাসন নিশ্চিত এবং অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল রাজশাহী গড়ে তোলার লক্ষ্যে নগর সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) সকালে নগরীর হোটেল ওয়ারিশনের কনফারেন্স রুমে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক) আয়োজিত এ সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড বিতরণসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান তারই অংশ।
তিনি বলেন, রাজশাহীকে পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নগর হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন নাগরিক সেবা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, জলাশয় সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু সহনশীল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। তবে নিরাপদ আবাসন নিশ্চিত করতে সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, বেসরকারি খাত ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আশা প্রকাশ করেন, সংলাপ থেকে উঠে আসা সুপারিশ ও মতামত ভবিষ্যতের নগর পরিকল্পনা এবং নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনসম্পৃক্ত ও জনবান্ধব উন্নয়ন কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সংলাপে নগর উন্নয়ন, আবাসন অধিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই নগর ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন অংশীজন তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
অনুষ্ঠানে বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। এছাড়া বক্তব্য দেন সেভ দ্য ন্যাচার অ্যান্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান, নদী গবেষক মাহাবুব সিদ্দিকী এবং নগর দারিদ্র্য অধিকার বাস্তবায়ন কমিটির নীলুফা ইসমাত আরা। এ সময় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, গবেষক, সুশীল সমাজের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার