
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া গোরস্থানসংলগ্ন ঈদগাহের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঈদগাহ মাঠের উন্নয়ন, জানাজার জন্য শেড নির্মাণ এবং আলোকায়ন ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরলে সেগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান।
শুক্রবার দুপুরে হড়গ্রাম নতুনপাড়া গোরস্থানসংলগ্ন ঈদগাহ পরিদর্শনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে এসব দাবি উত্থাপিত হয়। এ সময় প্রশাসক এলাকাবাসীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে ঈদগাহে প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতি রয়েছে। বিশেষ করে জানাজার জন্য একটি স্থায়ী শেড ও পর্যাপ্ত আলোকসজ্জার অভাবে নানা ভোগান্তির মুখে পড়তে হয়। এসব সমস্যা সমাধানে প্রশাসকের আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।
পরিদর্শন শেষে এলাকাবাসী রাসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দ্রুত উন্নয়নকাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনজুর কাদের স্বপনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঈদগাহ উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নয়ন, মসজিদ ও গোরস্থান কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও পরিদর্শনে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার