
নিজস্ব প্রতিবেদক:
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এসময় প্রধান অতিথি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সকলের সমন্বিত প্রচেষ্টা এবং আন্তরিকতার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। আমি নগরবাসীর সেবক হিসেবে কাজ করছি। প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণের যে উদ্যোগ নিয়েছেন, সেটি যথাসময়ে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। উপযুক্ত সকল পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে।
তিনি আরো বলেন, স্বাস্থ্যসেবায় রাজশাহী সিটি কর্পোরেশনের অনেক সুনাম রয়েছে। ইপিআই কার্যক্রমে বারবার দেশসেরা হয়েছে রাসিক। এই অর্জন ধরে রেখে স্বাস্থ্যসেবাকে আরো উন্নত করতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ডা. মো. কামরুজ্জামান। কর্মসূচির উদ্দেশ্য ও কার্যক্রমের উপর বিস্তারিত বক্তব্য প্রদান করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠান মঞ্চে ছিলেন রাসিকের সচিব সোহেল রানা। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৩ এপ্রিল ও আগামী ১৬ এপ্রিল রাসিকের স্বাস্থ্য সহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দুই দিনের কর্মসূচিতে রাসিকের ২৪০ জন স্বাস্থ্যকর্মী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ কর্মসূচিতে এমআর ক্যাম্পেইনের গুরুত্ব, বাস্তবায়ন কৌশল, মাঠপর্যায়ে করণীয় এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। প্রশিক্ষণ কর্মসূচি এমআর ক্যাম্পেইন সফল বাস্তবায়নে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার