
আবহাওয়ার সর্বশেষ খবর:
ঋতু বৈচিত্র্যে এখন চলছে হেমন্তকাল। শীত আসতে এখনো প্রায় এক মাস বাকি। তবে এরই মধ্যে উত্তরের জেলা পঞ্চগড়ে কমতে শুরু করেছে তাপমাত্রা। সন্ধ্যার পর থেকে অনুভূত হচ্ছে শীতের আমেজ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কুয়াশার ঘনত্বও।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগে সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলা সূর্যের তাপ বেশ তীব্র থাকলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর থেকেই শীতের অনুভূতি বাড়তে থাকে। সন্ধ্যার পর শুরু হয় হিমেল বাতাস। রাত যত গভীর হয়, শীতের অনুভূতিও তত বাড়ে। ভোর পর্যন্ত এ অবস্থা থাকে।
এদিকে সন্ধ্যার পর থেকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চগড়ে কুয়াশার পরিমাণও বাড়তে দেখা যাচ্ছে। রাতভর কুয়াশার পর ভোরে এর ঘনত্ব আরও বেড়ে যায়। তবে সূর্যের আলো মাটিতে পড়ার পর ধীরে ধীরে কুয়াশা কমতে থাকে।
দিনের বেলায় অবশ্য পরিস্থিতি ভিন্ন। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাপমাত্রা। দুপুরের দিকে তীব্র রোদে শীতের অনুভূতিও অনেকটাই কমে যায়।
আবহাওয়ার এই পরিবর্তনে পঞ্চগড়ে হেমন্তের আগমনের জানান দিচ্ছে প্রকৃতি। দিনের তীব্র রোদ আর রাতের শীতল আবহাওয়া, এই দুইয়ের মিশ্রণেই কাটছে উত্তরের জনপদের হেমন্তের দিনগুলো।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার