
নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ৪০ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবল জাকির হোসেনসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর জাকিরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে সাড়ে ২০ ভরি সোনা।
শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলাটি করেন ভুক্তভোগী ব্যবসায়ী নিঝুম। মামলায় কনস্টেবল জাকিরসহ তিনজনের নাম উল্লেখ এবং আরও একজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার পর জাকির ও বাদীর দুলাভাই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। পরে মোহাম্মদ আলীর বাড়ি থেকে সাড়ে ২০ ভরি সোনা উদ্ধার করা হয়। বাকি সোনা কনস্টেবল জাকিরের কাছে রয়েছে বলে পুলিশকে জানিয়েছেন মোহাম্মদ আলী। তবে জাকির অভিযোগ অস্বীকার করেছেন এবং তাঁর কাছ থেকে বাকি সোনা উদ্ধার করা যায়নি।
গত ৮ আগস্ট বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদরের মরা পাগলা নদীর কালীনগর ব্রিজ এলাকায় সোনা ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। রাজশাহী থেকে ওই ৪০ ভরি গলিত সোনা চাঁপাইনবাবগঞ্জের এক ব্যবসায়ীর কাছে পৌঁছে দিতে নিয়ে যান মোহাম্মদ আলী। সোনা হস্তান্তরের পরপরই কনস্টেবল জাকিরসহ দুজন সেখানে গিয়ে পুলিশ পরিচয়ে সোনাগুলো নিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ঘটনার আগে ও পরে জাকিরের সঙ্গে মোহাম্মদ আলী ও তাঁর ছেলে নয়নের একাধিকবার মোবাইলে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এছাড়া সিসিটিভি ফুটেজে জাকিরসহ দুজনকে মোটরসাইকেলে ঘটনাস্থলের দিকে যেতে দেখা গেছে।
ঘটনার পর কনস্টেবল জাকিরকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, জাকির হোসেনকে সাময়িক বরখাস্তের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে বাকি সোনা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হবে এবং প্রয়োজন হলে রিমান্ডের আবেদন করা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী
পুবালী মার্কেট শিরোইল কাচা বাজার রাজশাহী
মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬
মেইল : info@prokashkal.com
সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৪ | সাইট তৈরি করেছে ইকেয়ার