আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে এক রাতে চার দোকানে দুর্ধর্ষ চুরি

by Prokash Kal
২৭৯ views

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরে একসঙ্গে চারটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) সকালে শাহজাদপুর পৌর শহরের স্বপন সড়কের ফেমাস ওয়ার্ডে অবস্থিত ‘বিয়ে বাজার’ নামের একটি দোকান খুলে দোকান মালিক মোঃ মনিরুল ইসলাম দেখতে পান দোকানের ভেতর এলোমেলো অবস্থায় রয়েছে এবং উপরের সিলিং ভাঙা। এ সময় দোকান থেকে বিভিন্ন মালামাল ও নগদ টাকা চুরি হয়েছে বলে তিনি জানান। এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া একই ধরনের চুরির ঘটনা ঘটেছে শাহজাদপুর সরকারি কলেজের দক্ষিণ গেট সংলগ্ন কোহিনুর মার্কেটের একটি গার্মেন্টস ও দুটি কম্পিউটার দোকানে। দোকানগুলো হলো, সিটি ফ্যাশন, সিটি কম্পিউটার এবং প্রত্যাশা কম্পিউটার। এসব দোকান থেকে মালামাল ও নগদ অর্থ মিলিয়ে প্রায় ২ লাখ টাকার চুরির ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে তারা নিজ নিজ বাড়িতে চলে যান। শুক্রবার সারাদিন মার্কেট ও দোকান বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, এই দুই রাতের যেকোনো এক সময় সংঘবদ্ধ চোরচক্র এসব চুরির ঘটনা ঘটিয়েছে।

ব্যবসায়ীরা আরও অভিযোগ করে বলেন, মাঝেমধ্যেই এলাকায় চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো ঘটনার সঠিক তদন্ত বা চোর আটক হয়নি। এভাবে চুরির ঘটনা চলতে থাকলে নিরাপত্তাহীনতার কারণে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: