আজ- রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোক্তা-অধিকার আইন সম্পর্কে রাবিতে শিক্ষার্থীদের নিয়ে ক্যাবের সচেতনতামূলক সভা

by Prokash Kal
১৬৭ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোক্তা-সচেতনতা বৃদ্ধি এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন – ২০০৯ সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সভার আয়োজন করে ক্যাব রাজশাহী।

সভায় সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। ক্যাব ইয়ুথ রাজশাহীর সভাপতি জুলফিকার আলী হায়দারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদ, বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের প্রফেসর ড. পারভেজ আজহারুল হক এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর বিভাগীয় উপপরিচালক ইব্রাহিম হোসেন।

সভাপতির বক্তব্যে গোলাম মোস্তফা মামুন বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ শুধু একটি আইন নয়; এটি সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার একটি শক্তিশালী হাতিয়ার। শিক্ষার্থীরা আজকের ভোক্তা এবং আগামীর নীতিনির্ধারক। তাই বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই এ আইন সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, বাজারে ভেজাল, প্রতারণা ও অতিরিক্ত মূল্য আদায়ের মতো অনিয়ম রোধে নাগরিক সচেতনতা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন,সচেতন ভোক্তা মানেই দায়িত্বশীল নাগরিক। শিক্ষার্থীরা যদি নিজেদের অধিকার সম্পর্কে জানে, তবে তারা পরিবার ও সমাজকেও সচেতন করতে পারবে। তিনি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

বিভাগীয় উপপরিচালক ইব্রাহিম হোসেন বলেন, আইনে ভেজাল পণ্য বিক্রি, মিথ্যা বিজ্ঞাপন, ওজন ও পরিমাপে কারচুপি এবং অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। যে কোনো ভোক্তা ক্ষতিগ্রস্ত হলে অভিযোগ করতে পারেন এবং আইন অনুযায়ী প্রতিকার পেতে পারেন। তিনি শিক্ষার্থীদের অনিয়ম দেখলে সাহসের সঙ্গে অভিযোগ জানানোর আহ্বান জানান।

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন এবং প্রশ্নোত্তর পর্বে আইনটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে ভোক্তা-অধিকার সুরক্ষায় আরও ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে। সভায় আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা ক্যাবের সভাপতি কাজি নাজমুল ইসলাম, মোহনপুর উপজেলা ক্যাবের সভাপতি রুবেল সরকার প্রমুখ।

You may also like

Leave a Comment

শিরোনাম: