নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে জুয়া খেলার সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ টিম। এ সময় ৫২ পিস প্লে-কার্ড (তাস), জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৩ হাজার ৫৭০ টাকা ও দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলের একটি বাড়ি থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গত ৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকার ভাটার পুকুরপাড়ে বাবু ওরফে ঘুটু বাবুর বসতবাড়িতে অভিযান চালায় আরএমপির বিশেষ টিম। এ সময় জুয়া খেলা অবস্থায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজপাড়া থানার বুলনপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. বকুল ওরফে কল্কা (৪৭), কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গ্রামের মৃত লুৎফর শেখের ছেলে মো. মিঠু (৪২), একই গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে মো. রানা (৩৫), মৃত বারিক শেখের ছেলে মো. মুন্টু শেখ (৫৫), বশড়ী গ্রামের মৃত গোলাপ শেখের ছেলে মো. ফরমান (৫৬) এবং রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মো. শামসুল আলম (৪৯)।
পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মো. বাবু ওরফে ঘুটু বাবু (৫৫) ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৫২ পিস প্লে-কার্ড, দুটি স্মার্টফোন ও জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৩ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়। পরে পলাতক বাবু ওরফে ঘুটু বাবুর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক আসামির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
