রুয়েট প্রতিনিধি:
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (BAETE) অ্যাক্রেডিটেশনের মাধ্যমে ওয়াশিংটন অ্যাকর্ডের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের সাফল্য উদযাপন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগ। একই সঙ্গে বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ২০২০–২১ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ‘নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও বিএইটিই অ্যাক্রেডিটেশন (ওয়াশিংটন অ্যাকর্ড) উদযাপন’ শীর্ষক অনুষ্ঠানটি শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয়। পরে রুয়েট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় মূল আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক। সম্মানিত অতিথি ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ও ওয়াটসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ইইই অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ এবং ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক জেড এইচ এম মনজুর মোর্শেদ।
এ ছাড়া তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল অ্যাসোসিয়েশন, রুয়েটের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জি. কে. এম. হাসানুজ্জামান ও সভাপতি অধ্যাপক ড. মো. মাসুদ রানাসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ধর্মীয় গ্রন্থ পাঠের পর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। একই সঙ্গে ২০২০–২১ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদায়বার্তা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষকদের সম্মাননা স্মারক, বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক বলেন, ওয়াশিংটন অ্যাকর্ডের সিগনেটারি দেশগুলোর অন্তর্ভুক্ত হওয়ায় ইইই বিভাগের শিক্ষার্থীদের সনদ এসব দেশে আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, বিভাগের সাবেক শিক্ষার্থীরা বর্তমানে দেশের বিভিন্ন প্রকৌশল খাতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিদেশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নবীন শিক্ষার্থীরাও বিভাগের শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ক্যারিয়ার সমৃদ্ধ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সম্মানিত অতিথি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন, এমপি, তরুণ প্রকৌশলীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট শিল্পখাত সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি প্রকৌশলীদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে এসে নতুন শিল্প ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে সততা, দক্ষতা ও মানবিকতার মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখার জন্য তরুণ প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের কর্মকাণ্ডের সঙ্গে ‘রুয়েট’ নামটি যুক্ত থাকায় তাদের ভালো কাজ বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে। বিপরীতে নেতিবাচক কর্মকাণ্ডের প্রভাবও বিশ্ববিদ্যালয়ের ওপর পড়ে। তাই নিজেদের আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে রুয়েটের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মাসুদ রানা বিএইটিই অ্যাক্রেডিটেশন অর্জনের পর বিভাগের একাডেমিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে বিভিন্ন পরিবর্তনের কথা তুলে ধরেন। তিনি জানান, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার অংশ হিসেবে শিক্ষার্থীদের মতামত ও প্রতিক্রিয়া গ্রহণের ব্যবস্থা চালু হয়েছে। পাশাপাশি শিক্ষক মূল্যায়ন ও ফিডব্যাকের সুযোগ তৈরি হয়েছে এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা ও যোগাযোগের ক্ষেত্রেও নতুন অগ্রযাত্রা শুরু হয়েছে।
বিএইটিই অ্যাক্রেডিটেশনের মাধ্যমে ওয়াশিংটন অ্যাকর্ডের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনকে ইইই বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ স্বীকৃতির ফলে বিভাগের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রকৌশল শিক্ষা ও পেশাগত সম্ভাবনার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন তারা।
