আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

by Prokash Kal
১৪২ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একটি ঘটনায় প্রবাসফেরত এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে, অন্য ঘটনায় প্রেমিকের প্ররোচনায় স্ত্রী তার স্বামীকে বিষ খাইয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত শাহাদত মণ্ডলের ছেলে সিরাজুল মণ্ডল (৩০) কয়েক বছর প্রবাসে ছিলেন। সম্প্রতি তিনি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। গত মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর অজ্ঞাত কেউ তার বাড়িতে এসে তাকে বাইরে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি আর ফেরেননি।

বুধবার (২৯ অক্টোবর) ভোরে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা গিয়ে শনাক্ত করেন যে, মরদেহটি সিরাজুল মণ্ডলের। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশের ধারণা, ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। তবে কারা, কী কারণে হত্যা করেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে পুলিশ তদন্ত শুরু করেছে।

নিহতের পরিবার জানায়, সিরাজুল সদ্য দেশে ফিরে কিছু ব্যবসা শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন। কারও সঙ্গে তার শত্রুতা ছিল না। পরিবার ও এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অন্যদিকে, উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে স্বামীকে বিষপ্রয়োগে হত্যা করেছে স্ত্রী বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম করিম মণ্ডল (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহ ও পরকীয়ার কারণে মঙ্গলবার রাতে স্ত্রী তানজিলা খাতুন প্রেমিকের পরামর্শে স্বামী করিমকে ওষুধ খাওয়ার কথা বলে গ্যাস ট্যাবলেট (বিষ) খাইয়ে দেয়। কিছুক্ষণ পর করিমের পেটে জ্বালাপোড়া শুরু হলে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর পুলিশ তানজিলা খাতুনকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বামী হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, খবর পেয়ে পুলিশ দুটি স্থান থেকেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। প্রবাসফেরত যুবক সিরাজুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। অন্য ঘটনায় স্বামী হত্যার দায় স্বীকার করায় স্ত্রীকে আটক করা হয়েছে। দুটি ঘটনার ব্যাপারেই পৃথক হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরপর দুটি হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: