আজ- সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুয়েটে শীঘ্রই হতে যাচ্ছে সমাবর্তনসহ হীরক জয়ন্তী

by Prokash Kal
১২৭ views

নিজস্ব প্রতিবেদক:

ষষ্ঠ সমাবর্তন ও ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী উদযাপন করতে চলেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। শনিবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৫৭তম সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রুয়েটে সর্বশেষ ২০১৯ সালের ১ ডিসেম্বর ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। ইতোমধ্যে একাধিক শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডিগ্রি অর্জন করেছেন। প্রতিনিয়ত তাদের মূল সনদপত্রের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ওই সব শিক্ষার্থীরা যোগাযোগ করছেন। সাময়িক সনদপত্র দিয়ে যে সমস্ত শিক্ষার্থী দেশের বাইরে উচ্চতর ডিগ্রির জন্য আবেদন করছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকেও মূল সনদপত্র চেয়ে রুয়েট প্রশাসনের কাছে পত্র প্রেরণ করা হচ্ছে। এমন অবস্থায়, ৬ষ্ঠ সমাবর্তন আয়োজন জরুরি হয়ে পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী উদযাপনের বিষয়েও সভায় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালে প্রতিষ্ঠানটি ৬০ বছরে পদার্পণ করেছে। ইতোমধ্যে এই প্রতিষ্ঠান হতে ডিগ্রি লাভ করে বহু প্রথিতযশা প্রকৌশলী দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত আছে। এমন অবস্থায়, প্রতিষ্ঠানের নবীন এবং প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে ৬০ বছর পূর্তি উৎসব উদযাপনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এ বিষয়ে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘রুয়েট পরিবারের জন্য আগামী সমাবর্তন এবং হীরক জয়ন্তী উপলক্ষে এলামনাই রিইউনিয়ন একটি অত্যন্ত গৌরবময় ও আনন্দঘন মুহূর্ত হতে যাচ্ছে। এই আয়োজন শুধু আমাদের স্নাতকদের সাফল্য উদযাপনের ক্ষেত্রেই নয়, বরং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে দৃঢ় বন্ধন পুনর্গঠনের এক অনন্য সুযোগ সৃষ্টি করবে। রুয়েট তার গৌরবময় পথচলায় যে উচ্চতায় পৌঁছেছে, তার পেছনে প্রাক্তন শিক্ষার্থীদের অবদান অনেক। আমি আশা করি, এই মহাসমাবেশ আমাদের সবার মধ্যে নতুন প্রেরণা জাগাবে এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। সকলকে এই ঐতিহাসিক আয়োজনের অংশীদার হওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।’

You may also like

Leave a Comment

শিরোনাম: