
নিজস্ব প্রতিবেদক,রাজশাহীঃ
রাজশাহী মেডিকেল কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী-এর প্রতিনিধি দলের সদস্যরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর সাড়ে ২টায় আরএমপির সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সন্ধানী প্রতিনিধি দলের সদস্যরা তাদের বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে পুলিশ কমিশনারকে অবহিত করেন।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, সন্ধানী দীর্ঘদিন ধরে রক্তদাতা সংগ্রহ, রক্তের গ্রুপ নির্ণয়, হেপাটাইটিস-বি পরীক্ষা, টিকাদান কার্যক্রম, অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ, বৃক্ষরোপণ এবং ত্রাণ সহায়তাসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এ সময় তারা ভবিষ্যতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় যৌথভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি এসব মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করতে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।
সন্ধানীর কার্যক্রমের প্রশংসা করে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, মানবিক ও জনকল্যাণমূলক কাজে তরুণদের অংশগ্রহণ সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে। এ ধরনের সেবামূলক উদ্যোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।
