
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরের বোয়ালিয়া থানা এলাকা থেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি প্রদীপ চন্দ্র সরকারকে (৬৩) গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটে নগরের সাগরপাড়া এলাকার রনি সাইকেল স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সিপিএসসি।
গ্রেপ্তার প্রদীপ চন্দ্র সরকার রাজশাহীর দুর্গাপুর উপজেলার সায়বাড় এলাকার বাসিন্দা। তিনি হরিপদ সরকারের ছেলে।
সিপিএসসি সূত্রে জানা যায়, প্রদীপ চন্দ্র সরকার দায়রা মামলা নম্বর ৭৬৮/২১ ও সিআর মামলা নম্বর ৩৯/২১ (দুর্গাপুর)-এর আসামি। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় করা মামলায় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১৫ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
গ্রেপ্তারের পর প্রদীপ চন্দ্র সরকারকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫।
