আজ- বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সেবনের অভিযোগে রুয়েটের ৪ শিক্ষার্থীকে বহিষ্কার

by Prokash Kal

রুয়েট প্রতিনিধি:

মাদক সেবনের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) লেফটেন্যান্ট শহীদ সেলিম হলের চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। মাদকবিরোধী তল্লাশি, পরবর্তী তদন্ত ও সংশ্লিষ্ট প্রতিবেদন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কৃত চার শিক্ষার্থীই ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (MSE) বিভাগের। তাদের মধ্যে দুজন ২১ সিরিজ এবং দুজন ২২ সিরিজের শিক্ষার্থী।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাতে লেফটেন্যান্ট শহীদ সেলিম হলে মাদকবিরোধী তল্লাশি চালায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তর। তল্লাশির সময় একটি কক্ষে কয়েকজন শিক্ষার্থীর গাঁজা সেবনের অভিযোগ ওঠে। তবে অভিযানকারী দল সেখানে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট শিক্ষার্থীরা কক্ষটি ছেড়ে চলে যান। পরে কক্ষটি পরিদর্শন করে গাঁজা সেবনের দৃশ্যমান কোনো আলামত পাওয়া না গেলেও সেখানে গাঁজার গন্ধ পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনার পর হলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শনাক্ত করা হয়। পরে তাদের ছাত্রকল্যাণ দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক তদন্তে ছয়জন শিক্ষার্থীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলেও পরবর্তী তদন্ত ও প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, তল্লাশি অভিযানের প্রতিবেদন, ঘটনার আলামত এবং আনুষঙ্গিক প্রমাণ পর্যালোচনা করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, আবাসিক হলের শৃঙ্খলা এবং বিশ্ববিদ্যালয়ের Ordinance related to Discipline-এর ৪ ও ৬ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, চার শিক্ষার্থীর আবাসিক হলের সিট বাতিলের পাশাপাশি তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাদের বিশেষভাবে সতর্কও করা হয়েছে। অফিস আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে এবং আদেশ জারির তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্ধারিত কক্ষ ও সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, বিষয়টি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটির কাছেও পাঠানো হয়েছে। ফলে আবাসিক সিট বাতিল ও হল বহিষ্কারের বাইরে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে আরও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ পদক্ষেপের মধ্য দিয়ে আবাসিক হলগুলোতে মাদকবিরোধী তল্লাশি ও নজরদারি জোরদারের বিষয়টি সামনে এসেছে। একই সঙ্গে আবাসিক পরিবেশে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের অবস্থানও স্পষ্ট হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: