
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সার্কিট হাউসে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাজশাহী সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক, বিচার বিভাগীয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও কার্যকর যোগাযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অপরাধ প্রতিরোধ এবং জনমনে নিরাপত্তাবোধ বাড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান, মহানগর দায়রা জজ মোহা. ইমদাদুল হক, রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুল হক, রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথীসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
