আজ- সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে সাংবাদিকদের হত্যার হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

by Prokash Kal
১৯ views

এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:

সাংবাদিক মিজানুর রহমানকে প্রকাশ্যে হত্যার হুমকি এবং সাংবাদিক আল আজিমের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব।

রবিবার (১৪ জুন) বেলা ১১টায় শ্যামনগর বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

মানববন্ধন থেকে সাংবাদিক মিজানুর রহমান এর হুমকিদাতাদের দ্রুত গ্রেফতার এবং সাংবাদিক আল আজিমের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।

সাংবাদিক আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছামিউল ইমাম আযম মনির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী।

এ সময় বক্তব্য দেন ডিবিসি নিউজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, চ্যানেল নাইন জেলা প্রতিনিধি ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা কামাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন এবং উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুদা মালীসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিক মিজানুর রহমানকে হত্যার হুমকি প্রদান এবং সাংবাদিক আল আজিমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনা শুধু দুই সাংবাদিকের বিরুদ্ধে নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ রয়েছে।

সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি ও আমাদের সময় পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি বেলাল হোসেন বলেন, “কলমের বিরুদ্ধে অস্ত্র কিংবা মিথ্যা মামলার আশ্রয় নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিক মিজানুর রহমান ও আল আজিমের পাশে শ্যামনগরের সাংবাদিক সমাজ সবসময় ঐক্যবদ্ধ থাকবে।”

সভাপতির বক্তব্যে ছামিউল ইমাম আযম মনির বলেন, “সাংবাদিক মিজানুর রহমানকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া এবং আল আজিমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

প্রধান অতিথি কল্যাণ ব্যানার্জী বলেন, “সাংবাদিকরা সত্য ও জনগণের কথা তুলে ধরেন। তাদের ভয়ভীতি দেখিয়ে কিংবা মিথ্যা মামলায় জড়িয়ে সত্য প্রকাশের পথ রুদ্ধ করা যাবে না। প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।”

মানববন্ধন শেষে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, মিজানুর রহমানকে হত্যার হুমকিদাতাদের গ্রেফতার এবং আল আজিমের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

You may also like

Leave a Comment

শিরোনাম: