
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে হস্তান্তর করা হয়।
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন মালিকেরা। এ সময় তাঁরা আরএমপি পুলিশ ও সংশ্লিষ্ট সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ফোন ফিরে পাওয়া রুমা খাতুন জানান, প্রায় এক বছর আগে তাঁর শখের মোবাইল ফোনটি ছিনতাই হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় জিডি করেছিলেন তিনি। দীর্ঘদিন পেরিয়ে যাওয়ায় ফোন ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। তবে ফোন উদ্ধারের খবর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। হারানো ফোন ফিরে পেয়ে পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সদস্যদের ধন্যবাদ জানান রুমা।
আরেক ফোন মালিক জিনিয়া আফরোজ শারমিন বলেন, প্রায় দুই বছর আগে জুলাই মাসে ট্রেনে যাতায়াতের সময় তাঁদের একটি ফোন হারিয়ে যায়। পরে আরও দুটি ফোন হারিয়ে যাওয়ায় তাঁরা হতাশ হয়ে পড়েন। দীর্ঘদিন পর একটি ফোন উদ্ধারের খবর পেয়ে আনন্দিত হয়েছেন। পুলিশের প্রতি তাঁদের আস্থা বেড়েছে বলেও জানান তিনি।
মো. মাহমুদ শরীফ নামে আরেক মালিক জানান, গত নভেম্বর মাসে কর্মস্থল থেকে তাঁর মোবাইল ফোন হারিয়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেও ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘদিন পর আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ফোন উদ্ধারের খবর দিলে তিনি বিস্মিত ও আনন্দিত হন। পুলিশের প্রযুক্তিনির্ভর কার্যক্রম ও আন্তরিকতায় তাঁর আস্থা বেড়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, আধুনিক ডিজিটাল যুগে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অনুষঙ্গ। ফোন হারালে আর্থিক ক্ষতির পাশাপাশি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও ব্যক্তিগত তথ্য হারানোর ঝুঁকি তৈরি হয়। এ ছাড়া প্রতারণা ও ব্ল্যাকমেইলের শিকার হওয়ার আশঙ্কাও থাকে, যা মানুষের মানসিক উদ্বেগ বাড়ায়।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধারে পুলিশ কাজ করছে। তবে একই আইএমইআই নম্বর একাধিক ফোনে ব্যবহার, মালিকের কাছে আইএমইআই নম্বর সংরক্ষিত না থাকা এবং চুরি হওয়া ফোন বিদেশে পাচারের মতো কারণে উদ্ধার কার্যক্রমে নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব প্রতিবন্ধকতার মধ্যেও আরএমপি শতাধিক ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে।
জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম দায়িত্ব উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, নাগরিকদের হারানো সম্পদ উদ্ধারে আরএমপির প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে হাটবাজার, গণপরিবহন ও জনসমাগমস্থলে পকেটমার ও প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি ব্যক্তিগত ব্যাগ ও মোবাইল ফোনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। গুরুত্বপূর্ণ তথ্য ও আইএমইআই নম্বর সংরক্ষণ করারও পরামর্শ দেন পুলিশ কমিশনার।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) হিসেবে দায়িত্ব পালনরত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস অ্যান্ড প্রসিকিউশন) মো. দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
