
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলার সকল শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। একইসঙ্গে চলমান ও অস্থায়ী মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলার বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭ টার মধ্যে বন্ধ করতে হবে। বিনোদন কেন্দ্রগুলোও একই সময়ের মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া গ্রামাঞ্চলে আয়োজিত চলমান ও অস্থায়ী মেলা/বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭ টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
