নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার, কাটাখালী থানা ও বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ির পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত ৭ সেপ্টেম্বর বিকেল পৌনে ৪টার দিকে কর্ণহার থানা পুলিশ কৈকুড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে দারুশা সরিষাকুড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত ছতর হাজীর ছেলে মো. আকাব্বর আলী (৭২)-কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন রাত ১২টার দিকে কাটাখালী থানা পুলিশ শ্যামপুর নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. ওয়াজ নবীর ছেলে মো. জিহাদ নবী (১৯)-কে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে, ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ি জনসাধারণের সহায়তায় বিসিক মঠপুকুর এলাকায় অভিযান চালিয়ে কয়েরদারা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মো. আলিফ (২০)-কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ও এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
