
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে চোরাই দুটি ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাই ইলেকট্রনিকস পণ্য সংগ্রহ ও কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চন্দ্রিমা থানার ছোট বনগ্রামের তারা মিয়া সুজনের ছেলে মো. রাব্বিল আহম্মেদ রিয়াদ (২৪) এবং একই এলাকার মোকসেদ আলীর ছেলে মো. মারুফ হোসেন (২৩)। রিয়াদ বর্তমানে মুশরইল বাচ্চুর মোড় এলাকায় বসবাস করেন।
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর দুপুর সোয়া ১টার দিকে বোয়ালিয়া মডেল থানার একটি চুরির মামলার তদন্তের সূত্র ধরে চন্দ্রিমা থানার মুশরইল বাচ্চুর মোড় এলাকায় অভিযান চালায় মহানগর ডিবি পুলিশের একটি দল। এ সময় রিয়াদের বসতঘর থেকে মামলাটির চুরি যাওয়া একটি এইচপি এলিটবুক কোর আই-৫ ল্যাপটপ উদ্ধার করা হয়। তাঁর হেফাজত থেকে জব্দ করা হয় আরও ১১টি মোবাইল ফোন।
পরে রিয়াদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার শহিদ টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে অন্য একটি মামলার চুরি যাওয়া আরও একটি এইচপি ল্যাপটপ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াদ স্বীকার করেন, তিনি চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন বিক্রির জন্য তাঁর বন্ধু মারুফের কাছে সরবরাহ করতেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানার ঝাউতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে মারুফের হেফাজত থেকে আরও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সব মিলিয়ে তাঁদের কাছ থেকে দুটি ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আরএমপি সূত্রে আরও জানা গেছে, প্রাথমিক তদন্তে রিয়াদ ও মারুফের পাশাপাশি অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনের চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন সংগ্রহ, মজুত এবং কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
