
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর অসহায় নারী টুলি বেগমের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণমাধ্যমে প্রকাশিত মানবিক একটি প্রতিবেদন তার নজরে আসার পরই দ্রুত সহায়তার নির্দেশ দেন তিনি।
“সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা টুলি বেগমের বেঁচে থাকার লড়াই” শীর্ষক সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর তার নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে টুলি বেগমের পরিবারকে সহায়তা দেওয়া হয়।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে রাজশাহীর বড়গাছি মালপাড়া আশ্রয় কেন্দ্র এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’এর একটি প্রতিনিধি দল টুলি বেগমের সঙ্গে সাক্ষাৎ করে। নরসিংদী রায়পুরার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের উপস্থিতিতে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে টুলি বেগমকে একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি তার পরিবারের খোঁজখবর নেওয়া হয় এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
সহায়তা পেয়ে টুলি বেগম আবেগাপ্লুত হয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নতুন অটোরিকশাটি তার পরিবারের জীবিকা নির্বাহে বড় সহায়ক হবে এবং তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, অনলাইনে বিষয়টি দেখেই মানবিক দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রী সহায়তার নির্দেশ দেন। ‘আমরা বিএনপি পরিবার’ সেই নির্দেশনা অনুযায়ী দ্রুত সহযোগিতা পৌঁছে দিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান। দেশের বিভিন্ন প্রান্তে এমন সহায়তা কার্যক্রম চলমান রয়েছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।
এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
