
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর নওদাপাড়ায় টেক্সটাইল মিলস্-এর সামনে অবস্থিত কাঠ ও তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৩ টার দিকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা আশপাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে।
আগুনে জিহাদ বেডিং স্টোরের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া আলিফ ফার্নিচার মাঠের প্রায় ৫ লাখ টাকা এবং আরও দুটি দোকানের আনুমানিক ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। দাহ্য পদার্থ হিসেবে তুলা ও কাঠ মজুদ থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।
দোকান মালিক নুরুল তালুকদার বলেন, আমার দোকান ও গোডাউনে থাকা সব তুলো পুড়ে ছাই হয়ে গেছে। ঈদের আগে এমন ধাক্কা মেনে নেওয়ার মতো না। সব পুঁজি একেবারে শেষ।
আলিফ ফার্নিচারের মালিক সোহেল রানা জানান, মানুষের অর্ডারের অনেক জিনিসপত্র ছিল। এখন তাদের কী জবাব দেবো, আর এই ক্ষতি কীভাবে পূরণ করবো বুঝতে পারছি না।
মার্কেট মালিকের পক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
