
শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদের বোনাস দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল রানা নামে এক যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামি বিএনপি নেতা সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে রংপুর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। হত্যা মামলা দায়েরের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গত ২০ মার্চ চাঁদরাতের সন্ধ্যা পৌনে ৮টার দিকে সাইফুল ইসলাম ঈদ সালামি দেওয়ার কথা বলে সড়াতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে সোহেল রানাকে বাড়ি থেকে ডেকে নেন। পরে একদল দুর্বৃত্ত তাকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।
পরদিন ঈদের দিন দুপুরে কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া-চিনাধুকুরিয়া আঞ্চলিক সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে সোহেল রানার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের মা রুবি খাতুন বাদী হয়ে সাইফুল ইসলামকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে সাইফুল ইসলাম পলাতক ছিলেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে রংপুর থেকে গ্রেফতার করে শনিবার বিকেলে আদালতে পাঠায়।
