
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে স্বামীর সঙ্গে অভিমান করে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ নিজে কীটনাশক পান করার পাশাপাশি তার দুই শিশু সন্তানকেও তা পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
ঘটনাটি বুধবার (৮ এপ্রিল) সকালে ঘটে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে। তার দুই সন্তান মুস্তাকিম (৮) ও মাহিম (৪)।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের মানিক চাঁদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ ও নির্যাতনের ঘটনা চলছিল। এ নিয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়।
বুধবার সকালে স্বামীর সঙ্গে ঝগড়ার পর বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করেন এবং পরে তার দুই সন্তানকে পান করান। পরে তারা যন্ত্রণায় চিৎকার করলে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল এ স্থানান্তর করা হয়। বর্তমানে মা ও দুই সন্তান সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে তাদের জরুরি বিভাগে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
