
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর পদ্মা গার্ডেন এলাকায় গ্যারেজ ভাড়া চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মামলার আসামি হয়েছেন বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান শান্ত। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা গার্ডেন এলাকায় একটি গ্যারেজ ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন শান্ত। গত ৪ এপ্রিল সন্ধ্যায় এক যুবক ও এক তরুণী তাদের মোটরসাইকেল ওই গ্যারেজে রেখে ঘুরতে যান। পরে ফিরে এসে মোটরসাইকেল নিতে গেলে নিয়ম অনুযায়ী গ্যারেজ ফি দাবি করা হয়।
এ সময় ফি প্রদান না করে গ্যারেজের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন ওই তরুণী। তিনি গ্যারেজ পরিচালনার কাগজপত্র দেখতে চান এবং ফি আদায়ের যৌক্তিকতা নিয়ে আপত্তি জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা এক পর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে।
পরবর্তীতে ওই তরুণী বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, তর্কের এক পর্যায়ে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয় এবং অশোভ আচরণ করা হয়। অভিযোগের পরদিন এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
তবে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও আশপাশের দোকানিরা জানান, পুরো ঘটনাটি গ্যারেজ ভাড়া নিয়ে বাকবিতণ্ডার মধ্যেই সীমাবদ্ধ ছিল। ধর্ষণের হুমকির মতো কোনো ঘটনা তারা দেখেননি বা শোনেননি।
তারা বলেন, “জনসমক্ষে এ ধরনের ঘটনা ঘটাবে ! যেখানে তার পরিবারের সদস্যরা আছে আবার এতগুলো মানুষ আছি আমরা। শান্তকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে এটা”
