আজ- শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে নিখোঁজ হুমায়রার সন্ধান দিলে লাখ টাকা পুরস্কার

by Prokash Kal
১৬ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও হদিস মেলেনি হুমায়রা জান্নাত (৪) নামে এক শিশুর। তাকে উদ্ধারে রাতভর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বাড়ির আশপাশ, পুকুর, বাগান ও জঙ্গল এলাকায় তল্লাশি চালালেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে শিশুটির সন্ধানদাতা বা তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সক্ষম ব্যক্তিকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পরিবার।

নিখোঁজ হুমায়রা জান্নাত দুর্গাপুর উপজেলার হাটকানপাড়া বাজার এলাকার বাসিন্দা। তার বাবা হাসিবুল হোসেন শান্ত স্থানীয়ভাবে ফার্মেসি ব্যবসার সঙ্গে জড়িত। শুক্রবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় হুমায়রা। সে সময় তার সমবয়সী আরও কয়েকজন শিশু সেখানে খেলছিল।

শিশুটির দাদা ইসমাইল হোসেন জানান, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নাতনির কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে জীবিত বা নিরাপদে ফিরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার সময় হুমায়রার পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও হাফপ্যান্ট। তার সঙ্গে খেলতে থাকা শিশুরাও এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। পরিবারের ধারণা, শিশুটিকে অপহরণ করা হয়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত কেউ মুক্তিপণ দাবি করেনি।

দুর্গাপুর থানার ওসি পঞ্চনন্দ বলেন, শিশুটিকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার রাতভর বাড়ির পাশের পুকুর, বাগান ও জঙ্গল এলাকায় তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী ও শিশুটির সঙ্গে খেলতে থাকা শিশুদের সঙ্গেও কথা বলা হয়েছে।

তিনি আরও বলেন, “এটি অপহরণের ঘটনা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারণ, ঘটনার অনেক সময় পেরিয়ে গেলেও কেউ মুক্তিপণ দাবি করেনি। তারপরও সব দিক বিবেচনায় রেখে তদন্ত ও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।”

You may also like

Leave a Comment

শিরোনাম: