আজ- বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

by Prokash Kal
views

এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ২টার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, আহতরা হলেন উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, প্রায় এক বছর আগে ওই দুই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যান। পরে কলকাতার হাওড়া হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থান করে রাজমিস্ত্রির কাজ করতেন। মঙ্গলবার রাতে তারা অবৈধভাবে দেশে ফেরার চেষ্টা করেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম জানান, বসন্তপুর সীমান্তের বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত সোয়া ৫টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করেন।

ওসি জুয়েল হোসেন আরও জানান প্রাথমিকভাবে জানা গেছে আহতরা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে দেশে ফেরার সময় বিএসএফের গুলির শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুজনের অবস্থাই গুরুতর বলে জানা গেছে।

এদিকে বসন্তপুর এলাকার বাসিন্দা মশিউর রহমান অভিযোগ করেন, সীমান্ত এলাকায় প্রায়ই বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। সীমান্তে এমন প্রাণঘাতী ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান স্থানীয়রা।

You may also like

Leave a Comment

শিরোনাম: