
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। যৌথ অভিযানে তাঁদের কাছ থেকে জাল নোটের পাশাপাশি নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মুঠোফোন, দুটি এটিএম কার্ড ও দুটি মানিব্যাগ জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকারপট্টি এলাকার মুকিম মার্কেটের নিচতলার একটি দোকানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার পার দিলালপুর গ্রামের মো. বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী গ্রামের মো. মানিক (৩৮) ও চাঁদ শিকারী গ্রামের মো. ইউসুফ আলী (৫০)।
এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর সিপিএসসি ও চাঁপাইনবাবগঞ্জের সিপিসি-১-এর একটি যৌথ দল ওই দোকানে অভিযান চালায়। এ সময় তিনজনকে গ্রেপ্তার এবং তাঁদের হেফাজত থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে জব্দ করা আলামতসহ তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়
