রাজীব আলী, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৬৭৭ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) রাজশাহী-৫-এর সিপিএসসি দল।
রোববার (২৫ অক্টোবর) ভোর ৪টার দিকে গোদাগাড়ী থানার আমতলা চর আষাড়িয়াদহ এলাকার একটি ফসলি জমি থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় সিপিএসসি, এসআরবি-৫-এর একটি আভিযানিক দল। এ সময় জমির ওপর পড়ে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে চারটি এয়ারটাইট পলিব্যাগ পাওয়া যায়। পলিব্যাগগুলোতে হালকা বাদামি রঙের হেরোইনসদৃশ গুঁড়া ছিল। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী এসব মাদক উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মোট ওজন ১ কেজি ৬৭৭ গ্রাম।
এসআরবি জানায়, উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবির অভিযান অব্যাহত রয়েছে।
