নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় এক ভুক্তভোগীর পাশে দাঁড়ানো ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধে সহযোগিতা করাকে কেন্দ্র করে সাংবাদিক আব্দুল খালেক নামের এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সারোয়ার জাহান ওরফে সোহাগের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ঢাকার শেরে-বাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক আব্দুল খালেক।
গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা জিডিতে আব্দুল খালেক উল্লেখ করেন, অভিযুক্ত সারোয়ার জাহান সোহাগ ঢাকার তালতলা (আগারগাঁও) পেট্রোল পাম্পের পাশে একটি মোটর সাইকেল সার্ভিসিংয়ের দোকান পরিচালনা করেন। তিনি বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করেন এবং পরবর্তী সময়ে লেনদেনের টাকা ফেরত দিতে গড়িমসি করেন বলে অভিযোগ রয়েছে।
জিডির তথ্যমতে, একই ধরনের আর্থিক লেনদেনের ঘটনায় সেলিম নামের এক ব্যক্তি অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট টাকা ফেরত দেওয়ার বিষয়ে অভিযুক্ত ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি চুক্তিপত্রেও আবদ্ধ হন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
জিডিতে আরও বলা হয়, ওই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে গত ১৮ অক্টোবর দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে অভিযুক্তের দোকানে অবস্থানকালে সাংবাদিক আব্দুল খালেককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একই সঙ্গে ঢাকা শহর ছেড়ে চলে যেতে বাধ্য করার হুমকিও দেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করেন তিনি।
আব্দুল খালেকের আশঙ্কা, অভিযুক্তের এমন হুমকির কারণে তিনি নিজের জানমাল ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এবিষয়ে ডিএমপি’র শেরে-বাংলা নগর থানায় যোগাযোগ করা হলে থানার অফিসার ইনচার্জ জানান, এধরনের ঘটনায় একটি জিডি হয়েছে। আমরা সেটিকে প্রসিকিউশানের মাধ্যমে আদালতের নিকট অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছি। সেই আলোকে ১১ নভেম্বর বাদী বা ভুক্তভোগীকে আদালতে হাজির হয়ে বিচারকের নিকট তার সমস্যা তুলে ধরতে হবে। আদালত বিষয়টি আমলে নিলে সেটি সরাসরি মামলাও হতে পারে, আবার তদন্তও দিতে পারেন। আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিষয়ে অভিযুক্ত সারোয়ার জাহান সোহাগের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।……
একজন ভুক্তভোগীর পাশে দাঁড়ানো কিংবা অন্যায়ের বিরুদ্ধে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে কাউকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ভুক্তভোগীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
