নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ী ও দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটের পাশাপাশি মাদক বিক্রির নগদ টাকা, মাদক সেবনের সরঞ্জাম এবং বিদেশি পিস্তলসদৃশ একটি ফায়ার লাইটার জব্দ করা হয়েছে।
আরএমপি সূত্রে জানা গেছে, গত ২৬ ও ২৭ অক্টোবর নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
২৭ অক্টোবর রাত পৌনে ৯টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ মাঝিগ্রাম উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে সিদ্দীক (৪৫) ও সোহাগ আহম্মেদকে (২৮) গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০টি ইয়াবা ও পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির ১ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়।
এর আগে ২৬ অক্টোবর বিকেল সোয়া ৪টার দিকে দামকুড়া থানার জোতরাবন গ্রামে মাদক সেবনের অভিযোগে স্থানীয় লোকজন মানিক (৩২) ও নাহিদুল ইসলামকে (৪২) আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ তাঁদের হেফাজতে নেয়। এ সময় তাঁদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
অন্যদিকে, ২৭ অক্টোবর রাত ১১টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ চন্দ্রিমা থানার মেহেরচন্ডি উত্তরপাড়া এলাকায় শামীম আহমেদ ওরফে শামীমের (৩৭) বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ৩৩ হাজার ৭৫০ টাকা এবং বিদেশি পিস্তলসদৃশ একটি ফায়ার লাইটার জব্দ করা হয়।
পুলিশের তথ্যমতে, শামীমের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত তিনটি, জুয়া আইনে একটি এবং পেনাল কোডে একটি মামলা রয়েছে।
আরএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
