নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে নগরীর মন্নুজান স্কুলের সামনে নির্ধারিত প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করেন তাঁরা। এ সময় ঘাটের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা, শৃঙ্খলা, যানবাহন চলাচল ও জনসাধারণের নিরাপত্তার বিষয়গুলো পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শনকালে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সিটি করপোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ উৎসবের পাশে রয়েছে। আশা করছি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে।
তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে সবাই সতর্ক রয়েছে।
রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিমা তৈরি থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিমা বিসর্জন ঘাট প্রস্তুতের কাজ চলছে। ইতোমধ্যে বিভাগীয় পর্যায়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সিটি করপোরেশন, আরএমপি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।
আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীতে কোনো ধরনের আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
পরিদর্শনকালে এসআরবি-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মো. মঞ্জুরুল কবির পিয়াল, রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মঞ্জিল হক, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগর সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সাধারণ সম্পাদক অশোক কুমার সাহাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
