নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহী নগরের কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ আবুল কালাম আজাদ (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম। এ সময় মাদক বিক্রির নগদ ৩ হাজার ২১০ টাকা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর এক সহযোগী পালিয়ে গেছেন।
বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে কাটাখালী থানা-পুলিশের সহায়তায় এমদাদপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আবুল কালাম আজাদ চিনিকল বাজার গ্রামের মৃত জীবরাঈল হোসেনের ছেলে। তিনি বর্তমানে নতুন এমদাদপুর গ্রামে বসবাস করেন। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম মানিক ইসলাম (৪৪)। তিনি চরখিদিরপুর মধ্যচর গ্রামের শুকুর আলীর ছেলে এবং বর্তমানে এমদাদপুর গ্রামে বসবাস করেন।
পুলিশ জানায়, অভিযানে আজাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির নগদ ৩ হাজার ২১০ টাকা জব্দ করা হয়েছে।
আরএমপির তথ্য অনুযায়ী, আজাদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি, বোয়ালিয়া থানায় একটি এবং রাজশাহী জেলার চারঘাট থানায় একটি মামলা রয়েছে। এ ছাড়া কাটাখালী থানায় পেনাল কোডে তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, আজাদ দীর্ঘদিন ধরে পলাতক মানিকের সঙ্গে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আজাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মানিককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
