নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহী মহানগরীর পরিবেশ সংরক্ষণ, জলাধার রক্ষা, সবুজায়ন ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের ‘লিভেবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল’ (লাইকা) প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি কর্মশালার উদ্বোধন করেন।
কর্মশালায় মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী মহানগরীকে আরও আধুনিক, দৃষ্টিনন্দন ও সুন্দর করে গড়ে তুলতে চান তাঁরা। এ জন্য নগরবাসীর পরামর্শ নিয়ে শহরকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। নগর উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করছে।
তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশন ও জিআইজেড দীর্ঘদিন ধরে যৌথভাবে কাজ করছে। দায়িত্ব গ্রহণের পর নগরীর উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে জিআইজেডকে নতুন প্রকল্প নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তালাইমারী শহীদ মিনারসংলগ্ন এলাকায় একটি প্রকল্প গ্রহণ করেছে সংস্থাটি। প্রকল্পটির আওতায় এলাকাটিকে নান্দনিকভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে নগরীর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের জন্য মনোরম পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাসিক প্রশাসক আরও বলেন, এ ধরনের কর্মশালা থেকে নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়, যা নগর উন্নয়নের বিভিন্ন কার্যক্রমে কাজে লাগানো সম্ভব।
কর্মশালায় জিআইজেডের লাইকা প্রকল্পের আরবান ফরেস্ট্রি অ্যান্ড নার্সারি অ্যাডভাইজার পঞ্চানন কুমার ঢালী, প্রজেক্ট কম্পোনেন্ট ম্যানেজার বিপাশা দত্ত এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রকল্পের কর্মপরিকল্পনা তুলে ধরেন আরবান অ্যান্ড রিজিওনাল ডেভেলপমেন্ট অ্যাডভাইজার মোজাফফর মাহমুদ।
এ ছাড়া কর্মশালায় রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন ইউনিটের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু এবং রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন অংশ নেন।
কর্মশালায় রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মো. কবির হোসেন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সিডিসির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় রাজশাহী সিটি করপোরেশন এলাকার পরিবেশ সংরক্ষণ, পুকুর ও জলাধার রক্ষা, পার্ক ও খেলার মাঠের উন্নয়ন, সবুজায়ন এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
Tag:
