
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে দীর্ঘদিনের প্রতীক্ষিত পেইন মেডিসিন বহির্বিভাগ ‘পেইন ক্লিনিক’ (রুম নং ১৯৫) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। কোমর ব্যথা, ফ্রোজেন শোল্ডার, পিএলআইডি, ফাইব্রোমায়ালজিয়া, কারপাল টানেল সিন্ড্রোম, হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসসহ বিভিন্ন জয়েন্ট ও মাংসপেশির ব্যথার আধুনিক ও সমন্বিত চিকিৎসা প্রদানই এই কেন্দ্রের মূল লক্ষ্য। ক্যান্সারজনিত ব্যথার ক্ষেত্রেও ক্লিনিকটি বিশেষায়িত সেবা দেবে।
ঔষধের পাশাপাশি পিআরপি থেরাপি, ওজোন থেরাপি ও রেডিওফ্রিকোয়েন্সি–সহ অত্যাধুনিক ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট পদ্ধতি এখানে নিয়মিত প্রদান করা হবে, যা এই অঞ্চলে ব্যথা চিকিৎসায় নতুন যুগের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন এই ক্লিনিকের উদ্বোধন করেন রামেকহা’র সম্মানিত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ. এম. শামীম আহাম্মদ, যার উদ্যোগ, তদারকি ও আন্তরিক প্রচেষ্টায় পেইন ক্লিনিক প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। অনুষ্ঠানে তিনি বলেন, “জটিল ব্যথাজনিত রোগীদের দীর্ঘমেয়াদী কষ্ট লাঘবে এই ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. মো. লতিফুর রহমান, সভাপতি, বিএসএ-সিসিপিপি, রাজশাহী, ডা. মনোয়ার তারিক সাবু, সেক্রেটারি, রামেক শিক্ষক সমিতি ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, ডা. আবুল হাসনাত ডাবলু, সহসভাপতি, বিএসএ রাজশাহী, এনেসথেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান সরকার, গাইনী, সার্জারি ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধানগণ, সার্জারি বিভাগের আরএস ডা. শহীদুল ইসলাম রবিন
এছাড়া রামেকহা’র নার্সিং স্টাফ, ওয়ার্ড মাস্টার, এনেসথেসিয়া টেকনিশিয়ানসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
নতুন ক্লিনিকটির অবকাঠামোগত উন্নয়ন কাজে সহযোগিতার জন্য রাজশাহীর গণপূর্ত বিভাগের প্রকৌশলী ও কর্মচারীবৃন্দকে বিশেষ ধন্যবাদ জানান রামেকহা এর সহকারী অধ্যাপক ও ইনচার্জ পেইন ক্লিনিক এবং বিএসএ-সিসিপিপি রাজশাহীর সাধারণ সম্পাদক ডা. শেখ শামীম আহমেদ ।
আউটডোর সেবা: শনি, সোম ও বুধবার, সকাল ৮:০০টা থেকে দুপুর ২:০০টা, ইন্টারভেনশনাল থেরাপি: রবি, মঙ্গল ও বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত শিডিউলে। যোগাযোগ: ০১৫৭৭-৩৭৬২৪৩
রামেক হাসপাতালের এই উদ্যোগ উত্তরাঞ্চলের রোগীদের ব্যথা ব্যবস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন।
