আজ- শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সকল অপরাধী ডেভিল হান্টে ধরা পড়বে রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা

by Prokash Kal
১৯৩ views

প্রকাশকাল ডেস্ক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছোট-বড় সকল অপরাধী ডেভিল হান্টে ধরা পড়বে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তারাও রেহাই পাবে না। ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন চলবে বলেও জানান তিনি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে বিভাগীয় শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেয়া হবে না, সেজন্য একাধিক কমিটি রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের ভুক্তভোগীরা আইনি সহায়তা পাবে। লিগ্যাল এইড ডিপার্টমেন্ট থেকেও তারা সহায়তা পাবে।

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ব্যাপারে উপদেষ্টা বলেন, তারা যদি আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণ করতে পারে, তবে বিবেচনা করা যাবে।

সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের মানুষের ভূমিকায় স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, এতে আমরা খুশি। তবে আইন যেনো কেউ হাতে তুলে না নেয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে। কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো।

এ সময় তিনি ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বাংলাদেশ নিয়ে গুজবের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানুষকে সচেতন করায় সাংবাদিকদের ভূয়সী প্রশাংসা করেন।

রাজশাহী বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত আয়োজিত মতবিনিময় সভায় আইজিপি বাহারুল আলম, সেনাবাহিনী এগার পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শেখ মারুফুর রহমান, বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল ইমরান ইবনে রউফ, র‌্যাব-৫ এর অধিনায়ক মেজর মাসুদ হায়দার, বিভাগীয় কমিশনার খন্দকার আজীম আহমেদ, ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আকতারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজশাহীতে দায়িত্বরত সেনা, বিজিবি, র‌্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর রাজশাহী অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: