
নিজস্ব প্রতিবেদক:
ডিআইজি পদে পদোন্নতি সূত্রে পিবিআই এর ডিআইজি মোঃ ওয়ালিদ হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিবিআই প্রধান মোঃ মোস্তফা কামাল।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১.৩০ ঘটিকায় বদলিজনিত বিদায় উপলক্ষে পিবিআই হেডকোয়ার্টার্স, ঢাকায় ডিআইজি মোঃ ওয়ালিদ হোসেনের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পিবিআই প্রধান মোঃ মোস্তফা কামাল ক্রেস্ট প্রদানপূর্বক বিদায় সংবর্ধনা জানান। এ সময় তিনি বলেন, “ডিআইজি মোঃ ওয়ালিদ হোসেন পিবিআইতে নিরলসভাবে কাজ করেছেন। পেশাদার ও আস্থাশীল দায়িত্বপালনের মধ্য দিয়ে তার নেতৃত্বে পিবিআই উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। তার সততা, দক্ষতা ও মানবিক নেতৃত্ব পিবিআইয়ের সকল কর্মকর্তার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।” এ সময় তিনি তার দীর্ঘায়ু ও পরবর্তী কর্মস্থলে মঙ্গল কামনা করেন।
বিদায়ী অতিথি ডিআইজি মোঃ ওয়ালিদ হোসেন পিবিআইতে দায়িত্ব পালনকালের স্মৃতিচারণ করে বলেন,“পিবিআই আমার কর্মজীবনের এক অনন্য ও গর্বের অধ্যায়। এখানে দায়িত্ব পালনকালে সহকর্মীদের আন্তরিকতা, পেশাদারিত্ব ও দলগত প্রচেষ্টা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। পিবিআই শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও পিবিআই দেশের মানুষের আস্থা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
ডিআইজি পূর্বাঞ্চল মোঃ আবুল কালাম আজাদ বলেন, “ডিআইজি মোঃ ওয়ালিদ হোসেন একজন দূরদর্শী, দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা। পিবিআইতে তিনি যে অবদান রেখে যাচ্ছেন আমরা তার স্মরণ করবো।”
ডিআইজি পশ্চিমাঞ্চল মোঃ সুজায়েত ইসলাম বলেন,“ডিআইজি মোঃ ওয়ালিদ হোসেনের পেশাগত দক্ষতা, কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং মামলা তদন্তে আইওদের প্রতি তার জোড়ালো দিকনির্দেশনা পিবিআইকে আরও শক্তিশালী করেছে। বাংলাদেশ পুলিশ একাডেমিতে তার পিবিআই থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ পুলিশ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এ সময় তিনি তার দীর্ঘায়ু ও পরবর্তী কর্মস্থলে মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে ডিআইজি পূর্বাঞ্চল, ডিআইজি পশ্চিমাঞ্চল, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সহ পিবিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে সহকর্মীরা ডিআইজি মোঃ ওয়ালিদ হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও বর্ণাঢ্য কর্মজীবন কামনা করেন।
ডিআইজি মোঃ ওয়ালিদ হোসেন ২০০১ সালে বিসিএস পুলিশ (ক্যাডার) এর মাধ্যমে এএসপি পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০১৩ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করে ডিএমপি মিডিয়ায় দায়িত্বপালন করেন। ২০২১ সালে অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন এবং ২০২২ সালে অ্যাডিশনাল ডিআইজি হিসেবে পিবিআইতে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তার কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি সম্প্রতি ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন এবং বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে বদলীর আদেশ প্রাপ্ত হন।
