আজ- বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি বিভিন্ন জাতীয় ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “স্বেচ্ছাসেবক লীগ নেতার ইজারা নেওয়া পার্ক মিলেমিশে দখলে নিয়েছে জামায়াত-বিএনপি” শীর্ষক সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য আরিফুজ্জামান সোহেল।

মঙ্গলবার(১৭ মার্চ) নগরীর বারো রাস্তা মোড়ে তার ব্যক্তিগত কার্যালয়ে আযোজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় আরিফুজ্জামান দাবি করেন, উক্ত সংবাদে তার নাম জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুবদল নেতা বলেন, পার্ক ‘দখল’ সংক্রান্ত যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ কল্পনাপ্রসূত। প্রকৃতপক্ষে পার্কের বর্তমান ইজারাদার ইঞ্জিনিয়ার মো. শাকিলুর রহমান ও নাসিম খানের সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের সূত্র ধরেই পার্কটির উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে তিনি ব্যক্তিগতভাবে কিছু অর্থ বিনিয়োগ করেছেন, যা একটি সাধারণ ব্যবসায়িক সিদ্ধান্ত। একে ‘দখল’ হিসেবে প্রচার করা অনভিপ্রেত ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, পার্কের ইজারা বা আইনি কোনো চুক্তিতে তার নাম নেই। তবুও তাকে ‘মালিক পক্ষ’ হিসেবে উপস্থাপন করে জনমনে নেতিবাচক ধারণা তৈরির অপচেষ্টা চালানো হয়েছে। এছাড়া, সংবাদে তার বরাতে যে সাড়ে ১৯ লাখ টাকা লেনদেনের তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট ও অসত্য বলে দাবি করেন তিনি।

আরিফুজ্জামান অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যথাযথ তথ্য যাচাই ছাড়া এমন একপাক্ষিক ও মানহানিকর সংবাদ প্রকাশ সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

তিনি স্পষ্টভাবে জানান, শহীদ জিয়া শিশু পার্ক দখল বা এর ইজারা সংক্রান্ত কোনো অবৈধ কর্মকাণ্ডে তার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা নেই। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে তার এই প্রতিবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ করে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করার আহ্বান জানান।

You may also like

Leave a Comment

শিরোনাম: