আজ- বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা 

by Prokash Kal
২৮৮ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বহলবাড়ি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থানে তিনি এ পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্প একনেক সভায় উপস্থাপিত হয়েছে। স্থায়ী ক্যাম্পাস স্থাপনের প্রয়োজনীয়তা নিয়ে কারও দ্বিমত নেই। তবে বাস্তবে এসে দেখা দরকার জায়গাটি কতটা উপযুক্ত ও পরিবেশবান্ধব।”

উপদেষ্টা জানান, ৫১৯ কোটি টাকার প্রস্তাবিত এ প্রকল্প একনেক সভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বরাদ্দের পরিমাণ বেশি না কম, কিংবা ভবিষ্যতে বাড়ানো যাবে কি না—তা নিয়ে এখনই হতাশ হওয়ার কিছু নেই। তিনি আরও বলেন, যেহেতু পরিবেশ সংক্রান্ত দায়িত্বে আছেন, তাই চলনবিল অধ্যুষিত বড়াল নদী ও আশপাশের গোচারণ ভূমির পরিবেশগত ভারসাম্য রক্ষা করে ক্যাম্পাস নির্মাণ নিশ্চিত করতে হবে।

এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকা থেকে শাহজাদপুরে এসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এ পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

পরে অডিটোরিয়ামে প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস সংক্রান্ত একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। এরপর উপদেষ্টা বাঘাবাড়ি ঘাট থেকে নৌপথে বড়াল নদী পার হয়ে তিন নদীর মোহনায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত প্রস্তাবিত ক্যাম্পাস এলাকায় পৌঁছান। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা ও গণসংবর্ধনা জানানো হয়।

তিনি বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত জমি ও আশপাশের অঞ্চল ঘুরে দেখেন এবং ক্যাম্পাস এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণ শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক হোসেন, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত