আজ- শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণ

by Prokash Kal
views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে আঞ্চলিক পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় কাবাডি বালক ও বালিকা উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী জেলা।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে প্রতিযোগিতার আয়োজন করে।

সমাপনী অনুষ্ঠান ঘিরে বিকেল থেকেই স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে অংশ নেওয়া শিশু-কিশোর প্রতিযোগীরা নির্ধারিত পোশাকে মাঠে সারিবদ্ধভাবে অবস্থান নেয়। গ্যালারিতে অভিভাবক, শিক্ষক ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জাতীয় পতাকা, ব্যানার ও বর্ণিল সাজসজ্জায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ শেখায়। নতুন প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তিনি শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও নৈতিক শিক্ষার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিযোগিতায় কাবাডি বালক বিভাগে রানার্সআপ হয়েছে বগুড়া জেলা এবং কাবাডি বালিকা বিভাগে রানার্সআপ হয়েছে জয়পুরহাট জেলা। ক্রিকেট বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জেলা ও রানার্সআপ হয়েছে রাজশাহী জেলা। ক্রিকেট বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জেলা এবং রানার্সআপ হয়েছে সিরাজগঞ্জ জেলা। ফুটবল বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জেলা ও রানার্সআপ হয়েছে রাজশাহী জেলা। ফুটবল বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নওগাঁ জেলা এবং রানার্সআপ হয়েছে বগুড়া জেলা।

You may also like

Leave a Comment

শিরোনাম: