
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (১১ মার্চ) নগর ভবনে প্রশাসকের দপ্তরকক্ষে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ড. আ. ন. ম. বজলুর রশীদ।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা সব সময় তোমাদের পাশে আছি। তোমরা তোমাদের লক্ষ্য অর্জনে এগিয়ে যাও, ভবিষ্যতে তোমরা জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করো এ দোয়া করি।
রাজশাহী সিটি কর্পোরেশন পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৫৮ জনকে, কলেজ পর্যায়ে ৪৪ জনকে, মাধ্যমিক পর্যায়ে ২৪জনকে, প্রাইমারি পর্যায়ে ৩১ জন সহ ১৫৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০ হাজার টাকা, কলেজ পর্যায়ে ৭ হাজার টাকা, হাইস্কুল পর্যায়ে ৫ হাজার টাকা এবং প্রাইমারি স্কুল পর্যায়ে ২ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
