
এম এ রশিদ, শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ১৪ বোতল ফেনসিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ৩২ হাজার টাকা।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ২টার দিকে শ্যামনগর থানার যাদবপুর বাজারসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কৈখালীর সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ওষুধগুলো জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
