আজ- বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীতে শোকের মাতম

by Prokash Kal
১৩২ views

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে রাজশাহীজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোক ও বেদনার আবহ বিরাজ করছে। দলীয় কার্যালয়, নেতাকর্মীদের বাসা-বাড়ি ও রাজনৈতিক অঙ্গনে দেখা যায় আবেগঘন পরিবেশ। অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই নগরীর মালোপাড়ায় অবস্থিত রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় জমতে শুরু করে। কার্যালয়ের ভেতর-বাইরে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীদের মুখে ছিল প্রিয় নেত্রীর স্মৃতি, ত্যাগ ও রাজনৈতিক সংগ্রামের কথা।

বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হানসহ জেলা ও মহানগর বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী।

দোয়া মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তাঁর রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়। উপস্থিত নেতাকর্মীরা চোখের জলে প্রিয় নেত্রীর বিদায়কে স্মরণ করেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের এক অবিসংবাদিত নেতৃত্ব ছিলেন। দেশের স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব, দৃঢ় মনোবল ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন বিএনপির নেতাকর্মীদের জন্য চিরকাল পথনির্দেশক হয়ে থাকবে।

নেতাকর্মীরা বলেন, এই শোকের মুহূর্তে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখাই হবে বেগম খালেদা জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা। তাঁর আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। জানা যায়, গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত