
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা থানায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মতিন নামে এক ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। সোমবার (৮ জুন) দুপুর ২টার দিকে নওহাটা ও মৌগাছি বাজারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মতিন আলী (৪৫) নওহাটা দুয়ারী এলাকার মৃত শফিন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভ্যানে থাকা অবস্থায় ওই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন অভিযুক্ত ভ্যানচালক। এ সময় মেয়েটি চিৎকার করলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। একই সঙ্গে ঘটনাটি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখান বলেও অভিযোগ রয়েছে।
পরে শিক্ষার্থী বাড়িতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। খবর পেয়ে শিক্ষার্থীর বাবা ও স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেন। পরে তাকে পবা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, “এক স্কুলছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগে স্থানীয়রা একজনকে মারধর করে। বর্তমানে অভিযুক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।”
