
রুয়েট প্রতিনিধি:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ লেফটেন্যান্ট সেলিম হলে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৮ জুন) রাত আনুমানিক ১০টার দিকে পরিচালিত এ অভিযানে তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে মাদক সেবনের প্রমাণ পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে হল প্রশাসন ও ছাত্রকল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের একটি কক্ষে অভিযান চালানো হয়। অভিযানের সময় চার শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজাও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
অভিযানে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী এবং শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের প্রভোস্ট অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক।
ঘটনার বিষয়ে সহকারী ছাত্রকল্যাণ পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী বলেন, “বিশ্ববিদ্যালয়ে মাদকসহ যেকোনো ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। মাদক সেবনের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিষয়ে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ক্যাম্পাসে মাদকমুক্ত ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনাটি ক্যাম্পাসে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের মাদকবিরোধী অবস্থানকে স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানিয়েছে।
